ঢাকার পুরানা পল্টনে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে পুরানা পল্টনের ‘মানিকগঞ্জ হাউস’ নামের চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ল’ চেম্বারে আগুনের ঘটনা ঘটে।
তালহা বিন জসিম বলেন, “খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে পর্যায়ক্রমে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।”
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এখন পর্যন্ত হতাহতের খবরও জানায়নি ফায়ার সার্ভিস।
এর আগে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় জানান, পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুনে উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।







