‘রামায়ণ’র শুটিং সেটে আগুন

মুম্বাইয়ের ফিল্ম সিটিতে পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার শুটিং সেটে আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে শুটিং ব্যাহত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকালে গোরগাঁও ইস্টের ফিল্ম সিটিতে একটি অস্থায়ী শুটিং সেটে আগুন লাগে। এতে আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হলেও শেষ পর্যন্ত কেউ আহত হননি।
মিড-ডে-এর প্রতিবেদনের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, ফিল্ম সিটির ওই জায়গাটি রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত ‘রামায়ণ’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল। আগুনের খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
মুম্বাই ফায়ার ব্রিগেড জানিয়েছে, ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ৫ অক্টোবর বিকাল ৪টা ২ মিনিটে ফায়ার ব্রিগেড খবর পায়। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসির মুম্বাই ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, ফিল্ম সিটির রিলায়েন্স মিডিয়া ওয়ার্কস ও প্রাইম ফোকাস স্টুডিওর পেছনে এই আগুন লাগে।
ফায়ার ব্রিগেডের ভাষ্যমতে, এটি ছিল লেভেল-১-এর আগুন। ১০০ ফুট বাই ২০ ফুটের একটি অস্থায়ী কাঠামোর ভেতরে থাকা পিসিআর ইউনিটে আগুন মূলত বৈদ্যুতিক তার ও ফিটিংস, কাঠের পাটাতন, দরজা, বাঁশের কাঠামো, প্লাস্টিক সামগ্রী, এয়ার কন্ডিশনিং ইউনিট, সাউন্ড সিস্টেম ও শুটিংয়ের সরঞ্জামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার ব্রিগেড, স্থানীয় পুলিশ, বিএমসি ওয়ার্ড কন্ট্রোল এবং ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বিকাল ৪টা ৫৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নেভানো হয়।
আগুনের ধোঁয়া ও নিরাপত্তাজনিত কারণে ফিল্ম সিটির পাশের কয়েকটি শুটিংও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর মধ্যে ছিল এমটিভির ‘হাসল ৫’ এবং ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর সেট।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত ‘পতি পত্নী অউর পাঙ্গা ২’-এর সেটে হয়ে থাকতে পারে। পরে তা আশপাশের শুটিং এলাকায় ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে কাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আনুষ্ঠানিক মূল্যায়ন তখনও চলছিল।






