কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার পর আতঙ্কে শিশুসহ এক দম্পতি ট্রেন থেকে লাফ দেয়ার তাদের ৮ মাস বয়সি শিশুটি মারা গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনে প্রবাল এক্সপ্রেস ট্রেনটি পৌঁছানোর একটু আগে এ ঘটনা ঘটে। এতে আব্দুর রাজ্জাক ও লিজা আক্তার নামের এক দম্পতির শিশু হামদানের মৃত্যু হয়।
লোহাগাড়া থানার এসআই মো. জাহেদ হোসেন বলেন, প্রবাল এক্সপ্রেস ট্রেনটি আধুনগর স্টেশনের আগে রশিদের পাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ‘ড’ বগিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এসময় আতঙ্কে আব্দুর রাজ্জাক ও লিজা আক্তার দম্পতি তাদের ৮ মাস বয়সি শিশু হামদানকে কোলে নিয়ে ট্রেন থেকে লাফ দেন। আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে স্থানীয়দের সহযোগিতায় রেল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
ট্রেন থেকে লাফিয়ে পড়া আব্দুর রাজ্জাক, লিজা আক্তার ও তাদের শিশু হামদানকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
এসআই জাহেদ বলেন, সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাক ও লিজা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রাজ্জাক ও লিজা কক্সবাজার সদরের পিএমখালী এলাকার বাসিন্দা। সাতকানিয়া স্টেশন থেকে প্রবাল এক্সপ্রেস ট্রেনে তারা কক্সবাজার যাচ্ছিলেন। প্রবাল এক্সপ্রেস প্রতিদিন বিকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।







