রাজধানীর খিলগাঁয়ে একটি স’মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনটি স-মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে যাচ্ছে এবং গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ রাত সাড়ে সাতটার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁয়ে দুইতলা একটি স-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট কাজ করছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে বর্তমানে আমাদের আটটি ইউনিট কাজ করছে। এছাড়া আরও তিনটি ইউনিট ঘটনস্থলে যাচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।








