উরুগুয়ের একটি নার্সিংহোমে আগুনে ১০ বৃদ্ধের মৃত্যু হয়েছে। হঠাৎ আগুন লেগে ধোঁয়ায় ভরে যায় গোটা নার্সিংহোম। আর এতেই তাদের মৃত্যু হয়।
এনডিটিভি জানিয়েছে, (৭ জুলাই) রোববার উরুগুয়ের রাজধানী থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে অবস্থিত ট্রেইনটা ওয়াই ট্রেস শহরের একটি নার্সিংহোমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় হাসপাতালটিতে বেশিরভাগ প্রবীণ নাগরিকেরা ভর্তি ছিলেন।
উরুগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, যে ১০ জনের মৃত্য়ু হয়েছে তারা সকলেই প্রবীণ। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার পর নার্সিংহোমে কর্তব্যরত ২০ বছরের এক যুবক দ্রুত বাইরে বের হয়ে প্রাণে বেঁচে গেছেন জানান তিনি।
ধারণা করা হচ্ছে, হাসপাতালের বসার ঘরে প্রথমে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। সাত বৃদ্ধ ঘটনাস্থলেই মারা গেছেন। অন্য তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।








