বাংলাদেশ

এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১০ নভেম্বর) পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী। পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার এবং রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন অগ্রণী ব্যক্তিত্ব। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটিতে জন্মগ্রহণ করেন এম এন লারমা। পাকিস্তান আমল থেকেই তিনি পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত ছিলেন। বিশেষ করে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি তার রাজনৈতিক চিন্তা ও কর্মকাণ্ডে গভীর প্রভাব ফেলে।

১৯৭০ সালে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিসত্তাগুলোর স্বতন্ত্র পরিচয় ও সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলে ধরেন। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৭২ সালে তার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পাহাড়ের স্বায়ত্তশাসন ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংগঠনটি আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে সেই আন্দোলন সশস্ত্র সংঘাতে রূপ নেয়, যা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের অস্থিরতা ও নিরাপত্তা সংকটের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

১৯৮৩ সালের ১০ নভেম্বর সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন এম এন লারমা।

তার মৃত্যুর পরও পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংকট অব্যাহত থাকে। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির মাধ্যমে দীর্ঘ সশস্ত্র সংঘাতের অবসানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও ভূমি বিরোধ, চুক্তি বাস্তবায়ন এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আস্থার সংকট এখনো পুরোপুরি দূর হয়নি।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এম এন লারমা একদিকে পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা, অন্যদিকে রাষ্ট্রের জাতীয় পরিচয়, সাংবিধানিক স্বীকৃতি ও জাতিগত বৈচিত্র্য নিয়ে বিতর্কের একটি উল্লেখযোগ্য চরিত্র।

তার মৃত্যুবার্ষিকীতে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি, বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা সমুন্নত রাখা এবং পাহাড়ি-বাঙালিসহ সব জনগোষ্ঠীর সমান নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে।

বিষয়:৪৩তম মৃত্যুবার্ষিকী পাহাড়ি জনগোষ্ঠী মানবেন্দ্র নারায়ণ লারমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…