বিনোদন

‘ফিরে আসার গল্প’-তে মজেছেন কলকাতার দর্শকও!

বলছেন ‘ভারতীয় সিরিয়ালের চেয়ে ফিরে আসার গল্প ভালো’

‘ফিরে আসার গল্প’-তে মজেছেন কলকাতার দর্শকও!

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ প্রচারের শুরু থেকেই দর্শকমহলে সাড়া ফেলেছে। প্রতিটি পর্ব প্রকাশের পর গল্প, চরিত্র ও নানা দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা ও বিশ্লেষণ।

শুধু বাংলাদেশেই নয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলা ভাষাভাষী দর্শকের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে ধারাবাহিকটি। বিশেষ করে কলকাতার এক দর্শকের মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ইউটিউবের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘আমি কলকাতা থেকে নাটকটা দেখি। ইন্ডিয়ান সিরিয়ালের চেয়ে বাংলাদেশের নাটক ও সিরিয়ালগুলো দেখতে অনেক ভালো লাগে। এখানে শেখার অনেক কিছু আছে। কিন্তু ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে কীভাবে পরিবার, সংসারের মধ্যে অশান্তি তৈরি করা যায়, সেগুলো শেখানো হয়, যা বাস্তবসম্মত নয়।’

মানসী রায় নামে ভারত থেকে আরেক দর্শক লিখেছেন, ‘বাংলাদেশে এখন দারুণ সব কাজ হচ্ছে। ফিরে আসার গল্প যতই দেখছি, মুগ্ধ হচ্ছি। পরের পর্বগুলোর জন্য অপেক্ষা করছি।’

কেউ কেউ আবার সপ্তাহে দুই পর্বের পরিবর্তে তিন পর্ব প্রচারের দাবি জানিয়েছেন। ধারাবাহিকের চরিত্রগুলোর সম্পর্ক ও রহস্য নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। বিশেষ করে নুরজাহান কার সঙ্গে জড়াবেন সিকান্দার নাকি আদিল, তা নিয়ে চলছে আলোচনা।

নবম পর্ব প্রকাশের পরও দর্শকদের আগ্রহের প্রমাণ মিলেছে। মাত্র ছয় ঘণ্টায় পর্বটি ২৫ লাখের বেশি ভিউ পেয়েছে। পাশাপাশি মন্তব্য করেছেন তিন হাজারের বেশি দর্শক।

ধারাবাহিকটির আদিল চরিত্রে খায়রুল বাসার, নুরজাহান চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী, ওসমান চরিত্রে জাহিদ হাসান, সুলতান চরিত্রে শহীদুজ্জামান সেলিম, আয়েশা চরিত্রে মনিরা আক্তার মিঠু, সিকান্দার চরিত্রে ফায়জুল ইয়ামিন এবং রুকাইয়া চরিত্রে দীপা খন্দকার অভিনয় করছেন। প্রায় ১৩ বছর পর একই ধারাবাহিকে অভিনয় করছেন শক্তিমান দুই অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম।

সপ্তাহের প্রতি শনি ও রবিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। পাশাপাশি প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুরে ধারাবাহিকটির নতুন পর্ব প্রকাশিত হচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

বিষয়:ফিরে আসার গল্প মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…