বরগুনায় সম্প্রীতির বার্তা নিয়ে যুব মেলা

ছবি: সংগৃহীত
সামাজিক বিভেদ ও অসহিষ্ণুতা দূর করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে তরুণদের অংশগ্রহণে গুরুত্ব পেয়েছে বৈচিত্র্যের প্রতি সম্মান, সামাজিক সংহতি ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের প্রত্যয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষায় এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। এ ধরনের সময়োপযোগী উদ্যোগের জন্য নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, বিএনপির বরগুনা জেলা শাখার সদস্যসচিব মো. হুমায়ুন হাসান শাহীন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব এ. জেড. এম. সালেহ, জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য দেন এনএসএসের পরিচালক (কার্যক্রম) মো. শহিদুল ইসলাম। মেলার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন সংস্থাটির এ৪টি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।
‘সামাজিক সম্প্রীতির জন্য সংযোগ স্থাপন’ প্রতিপাদ্য এবং ‘সংযুক্ত হই, সৃষ্টি করি, সহাবস্থান গড়ি’ স্লোগানে আয়োজিত মেলার মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন শ্রেণি, ধর্ম ও প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা বাড়ানো। পাশাপাশি সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্ব ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মেলায় ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, সম্প্রীতিবিষয়ক স্টল প্রদর্শনী, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা ও যুবনাট্য। এসব আয়োজনের মাধ্যমে ভিন্নতার প্রতি সম্মান, সহমর্মিতা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, সামাজিক সম্প্রীতি শুধু আনুষ্ঠানিক আয়োজনের বিষয় নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে এর চর্চা জরুরি। তরুণদের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) আয়োজিত এ মেলায় সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ।





