বিশ্বকাপের ২৮ দিন আগে দল জানিয়ে দিলো নিউজিল্যান্ড। কোচ ড্যারেন বেজেলি নটিংহ্যাম ফরেস্টের ক্রিস উডকে অধিনায়ক করে ২৬ সদস্যের দল দিয়েছেন। বসনিয়া এবং সুইডেনের পর তৃতীয় দেশ হিসেবে সোনালী ট্রফির লড়াইয়ের সেনানীর নাম জানাল ওশেনিয়া অঞ্চলের অল হোয়াইটসরা।
বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে দল ঘোষণার আনুষ্ঠানিকতা হয়। ওএফসির একমাত্র প্রতিনিধি এবং ২০১০ সালের পর ফিফা বিশ্বকাপে এ অঞ্চলের প্রথম প্রতিনিধি হিসেবে যোগ্যতা অর্জনকারী দল নিউজিল্যান্ড। ক্রিকেট ও রাগবিতে দেশটি বেশ শক্তিশালী, ফুটবলেও তেমন পিছিয়ে নেই অল হোয়াইটস বাহিনী।
ক্রিকেটে কিউই ডাকা হলেও ফুটবলে দলটির পরিচিতি অল হোয়াইটস নামে। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডধারী ক্রিস উড, যিনি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।
২৬ সদস্যের দলে ১৫ জন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার লিগের বাইরে খেলেন। ওশেনিয়া অঞ্চল থেকে ১১টি দেশের মধ্যে বাছাইপর্ব পেরিয়ে একমাত্র নিউজিল্যান্ডই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বাছাইয়ের ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।
বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ইরান, মিশর এবং বেলজিয়ামের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। ১৬ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় ইরানের বিপক্ষে শুরু করবে যাত্রা। ২২ জুন মিশরের মুখোমুখি হবে এবং ২৭ জুন খেলবে বেলজিয়ামের বিপক্ষে।
দেশটি বিশ্বকাপজুড়ে সাউথ ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ক্যাম্প করবে। আসরের আগে ফ্লোরিডায় ৩ জুন হাইতি ও ৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে খেলবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল
গোলরক্ষক: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।
ডিফেন্ডার: টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবেরাতো কাকাচে, ফ্রান্সিস ডি ভ্রিস, ক্যালান এলিয়ট, টিম পেইন, নান্দো পিজাঙ্কের, টমি স্মিথ, ফিন সারম্যান।
মিডফিল্ডার: ল্যাকলান বেলিস, জো বেল, অ্যালেক্স রুফের, মার্কো স্টামেনিক, রায়ান থমাস।
ফরোয়ার্ড: কস্টা বারবারুসেস, ম্যাট গারবেট, এলি জাস্ট, ক্যালাম ম্যাকোয়াট, বেন ওল্ড, জেসি র্যান্ডাল, সাপ্রীত সিং, বেন ওয়েন, ক্রিস উড (অধিনায়ক)।







