প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল কলম্বিয়া। লাতিনদের অন্যতম শক্তির দেশটির কাছে খুব একটা সুবিধা করতে পারেনি নবাগত দেশটি। ম্যাচজুড়ে দুদলই আক্রমণ, পাল্টা আক্রমণ চালালেও সবদিক থেকে বেশ এগিয়ে ছিলেন হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজরা।
মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেয়েছে কলম্বিয়া। ম্যাচের প্রথম থেকেই উজবেকিস্তানের উপর একের পর এক আক্রমণ চালায় কলম্বিয়া। বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও সেটা হাতছাড়া হয় লাতিন দেশটির। ৩২ মিনিটে একটি সুন্দর সুযোগ ছিল কলম্বিয়ার। লুইস দিয়াজের করা শটে বাধা হয়ে দাঁড়ায় বারপোস্ট। সাফল্য পেতে আর বেশি অপেক্ষা করতে হয়নি তারপর। ৪০ মিনিটে দিয়াজের হাওয়াতে ভাসানো ক্রস মাটিতে পড়ার আগেই ওয়ান টাচে জালে জড়ান দানিয়েল মুনোজ। এগিয়ে যায় কলম্বিয়ানরা, ১-০ ব্যবধানে বিরতি আসে।
দ্বিতীয়ার্ধে নেমে বল বেশি একটা দখলে রাখতে পারেনি কলম্বিয়া, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় উজবেকরা। বেশকিছু আক্রমণ চালালেও কলম্বিয়ার রক্ষণ ভাঙতে পারছিল না তারা। ম্যাচের ৬০ মিনিটে এলদোর শোমুরোদভের শট বারে লেগে ফিরে আসলে ফিরতি শট থেকে ম্যাচে সমতায় ফেরান আব্বোসবেক ফয়জুল্লায়েভ। এটি উজবেকিস্তানের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল।
গোল হজম করে ঘুরে দাঁড়ায় কল্বম্বিয়া, আবারও শুরু করে আক্রমণাত্মক খেলা। লাতিনদের অন্যতম ফুটবল শক্তির দলটির সাথে সমতায় ফেরানোর ৫ মিনিটের মাথায় আবারও পিছিয়ে পড়ে উজবেকরা। ৬৫ মিনিটে গুস্তাভো পুয়ের্তার থ্রুতে বল জালে জড়ান দিয়াজ। সেখানে থেকে ম্যাচে শেষ পর্যন্ত বল দখলে রেখে শেষ করে কলম্বিয়া। ৯০ মিনিট শেষে কিছুটা আক্রমণাত্মক হলেও আর জালের দেখা পায়নি উজবেকিস্তান। ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন হামিন্তন ক্যাম্পেজ। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।
কে গ্রুপে শেষ ১টি করে ম্যাচ। ১ জয়ে শীর্ষে কলম্বিয়া। ড্র করে দুইয়ে কঙ্গো, তিনে পর্তুগাল। টেবিলের তলানিতে উজবেকরা।







