এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নিউ ইয়র্ক, মেটলাইফ স্টেডিয়াম থেকে: মরক্কোর শুরুটা ছিল বেশ নাটকীয়। প্রথম ১০ মিনিটে ছিল ব্রাজিল অগোছালো। আর এর সুযোগ নেয় মরক্কো। তবে পরপর ৭টি সুযোগ হাতছাড়াও করে তারা।
এরপর ২১ মিনিটে ইসমায়েল সাইবারি অত্যন্ত নৈপূণ্যের সঙ্গে ব্রাজিলের জালে বল পৌঁছে দেন। মাঠভর্তি হাজার হাজার ব্রাজিলিয়ান অবাক বিস্ময়ে শুধু তাকিয়ে ছিলেন। মরক্কোর আনন্দের শেষ নেই। হাজার দশেক মরোক্কান আনন্দে শুধু নাচছিলেন।
গোলের পর ব্রাজিল ধীরে ধীরে বল নিয়ন্ত্রণে নিয়ে যায়। ৩২ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ এক গোল করেন। যদিও মরক্কোর ডিফেন্সে যথেষ্ট অবহেলা ছিল। এরপর থেমে থেমে আক্রমণ হয়েছে। কখনো ব্রাজিল কখনো মরক্কো।
ব্রাজিলের অন্তত দুটি শট মরক্কোর গোলকিপার অনেকটা অলৌকিকভাবে রুখে দেন। ব্রাজিলের সবচেষ্টা ব্যর্থ হয়। মেটলাইফ স্টেডিয়ামে ৮০ হাজার ৬৬৩ জন দর্শক খেলাটি উপভোগ করছিলেন। শেষ মুহূর্তে মরক্কো জ্বলে উঠে। সেখানেও গোলকিপার অ্যালিসন বেকার একটি নিশ্চিত গোলের চেষ্টা ব্যর্থ করে দেন।
ব্রাজিলিয়ানরা সাম্বা নাচের জন্য প্রস্তুতি নিয়েই রেখেছিলেন। শেষ অব্দি তাদের সে প্রস্তুতি ভণ্ডুল হয়ে যায়। খেলাটি নিশ্চিতভাবে ড্রয়ে সমাপ্তি হয়। তবে বিশ্বব্যাপী ব্রাজিল সমর্থকরা হতাশ হন তাদের কিছু সময় এলোমেলো খেলা দেখে। হন প্রচণ্ড বিরক্তও । যাইহোক, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দু’দলকেই।







