ম্যাচের তখন ৮৫ মিনিট, ১-০তে এগিয়ে ইংল্যান্ড। শেষ বাঁশি বাজলেই শিরোপা মহারণে রোববার স্পেনের মুখোমুখি হবে ইংলিশরা। তখনই দৃশ্যপটে লিওনেল মেসি, ভেঙে চুরমার হয়ে যায় থি লায়ন্সদের স্বপ্ন। ৩৯ বর্ষী আর্জেন্টাইন অধিনায়কের জোড়া অ্যাসিস্টে ম্যাচের শেষ মুহূর্তে ২-১এ জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে বিশ্বচ্যাম্পিয়নরা। হেরে প্রায় ভেঙে পড়েন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। পরের বিশ্বকাপে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাব না দিলেও খেলার জন্য মেসিকে অনুপ্রেরণা মনে করছেন তিনি।
চলতি মাসের শেষদিকে কেনের বয়স ৩৩ হবে। ২০৩০ বিশ্বকাপে তিনি ইংল্যান্ড দলের অংশ থাকবেন কিনা, সেবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। ম্যাচ শেষে বলেছেন, ‘অবশ্যই, চার বছর এখনও অনেকদূরের পথ। এ গ্রীষ্মে আমার বয়স ৩৩ হবে, কিন্তু অন্যদিকে আপনারা যেমন দেখছেন, লিও (মেসি) এখনও সর্বোচ্চ পর্যায়ে খেলছে। আমি কখনোই এসবের ওপর কোন সীমা আরোপ করতে চাই না। কিন্তু আপাতত, এই দলের সাথে আরও একটি কঠিন পরাজয়কে মেনে নেয়াই আমার কাজ।’
‘ব্যক্তিগতভাবে, আমার কাছে সবসময় বছর বছর এগিয়ে যাওয়া এবং আমার কেমন লাগছে, সেটাই মুখ্য। ইংল্যান্ড জাতীয় দল আমার গর্ব ও আনন্দের উৎস। অন্য যেকোনো কিছুর চেয়ে এখানেই আমি বেশি ভালোবাসি।’
সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়েও ম্যাচের শেষ মুহূর্তে ৭ মিনিটের ঝড়ে প্রত্যাবর্তন করে লিওনেল স্কালোনির শিষ্যরা। লিওনেল মেসির জোড়া অ্যাস্টিস্টে ৮৫ মিনিটে এনজো ফের্নান্দেজ এবং ৯০ মিনিট শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে ২-১এ জিতে টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট কেটেছে গতআসরের চ্যাম্পিয়নরা।
আগামী ১৯ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা মহারণে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে স্পেন।







