আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের প্রধান আলোচক

ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান আলোচক বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি শোচনীয় পরাজয়ের মুখে পড়ার পর আমেরিকানরা যেন যুদ্ধের প্রতি ‘না’ বলেছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, আমরা এই বার্তার সমর্থন করি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা ব্যাপক ব্যবধানে জয়লাভ করে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। এই ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের প্রতি জনগণের তীব্র অসন্তোষের প্রতিফলন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি’র বিশ্লেষণ অনুযায়ী,
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি ও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের মধ্যে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এই যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং আগে থেকেই অজনপ্রিয় প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ আরও বেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপেই হোক— এখন আমেরিকানরা বলছেন, ‘যুদ্ধ চাই না’। আমরা তাদের এই বার্তাকে সমর্থন করি।’
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। কয়েক মাস ধরে যুদ্ধটি অনেকটা অচলাবস্থায় রয়েছে।
তবে মাঝেমধ্যে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে যেকোনো সময় বড় ধরনের সংঘাত পুনরায় শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।






