ফুটবল

‘এত বড় ব্যবধানে জিতব ভাবিনি’

বাংলাদেশ নারী ফুটবল দল জেতার পর উল্লাস করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দল ম্যাচে জয় লাভের পর উল্লাস করছে, খেলোয়াড়রা আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঘিনীদের পায়ের থাবায় যেন বিপর্যস্তই হয়ে যায় অতিথি দল। ৮-০ গোলের বিশাল জয়ে সাবিনা খাতুনের দল সিরিজটাও নিজেদের করে নিয়েছে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন বড় ব্যবধানের জয়ে রীতিমত বিস্ময় প্রকাশ করেন লাল-সবুজের দলের কোচ সাইফুল বারী টিটু। নিজের কোনো অবদান নেই দাবি করে সব কৃতিত্ব তিনি মেয়েদেরকেই দিলেন।

‘আমি নিজেও খেলোয়াড় ছিলাম। প্রথম ম্যাচ হয়তো আমাদের জন্য কঠিন ছিল না, স্বাচ্ছন্দ্যেই জিতেছিলাম। কিন্তু এবার এতো বড় ব্যবধানে জিতব ভাবিনি। প্রথম জয়ের পর আবারও সবটুকু নিংড়ে দেয়ার এই কৃতিত্ব পুরোপুরি মেয়েদের। এই মেয়েদের ভিন্ন মাত্রার মানসিকতা। এখানে আমার বিন্দুমাত্র অবদান নেই, পুরোটাই মেয়েদের। আমিও তো অবাক হয়েছি, স্কোরলাইন ৮-০! ওয়াও। সাধারণত বেশ কয়েকটি গোলের পর একটু অন্যরকম ভাব আসে। কিন্তু ওরা প্রতিনিয়ত গোল করেই গেছে।’

অনেক বাধা-বিপত্তি পেরিয়ে সংগ্রাম করে যাওয়া বাংলার ফুটবলাররা আজকের অবস্থানে এসেছে।। চড়াই-উৎরাই পেরিয়ে ফল পেতে শুরু করা টিম টাইগ্রেস নিয়ে টিটু জানালেন নিজের অভিমত।

‘আমার ধারণা, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর পুরো দেশের মানুষই ওদের হৃদয়ে ধারণ করে নিয়েছে। ওটার ধারাবাহিকতায় থাকাটাই ছিল গুরুত্বপূর্ণ। এশিয়ান আমরা কঠিন যে ম্যাচ খেলেছি। বিশেষ করে জাপানের বিপক্ষে। আমার মনে হয় ওই ম্যাচটি মানসিকভাবে মেয়েদের আরও শক্ত করেছে, অভিজ্ঞ করেছে।’

৭৪ মিনিটে জোড়া গোল পাওয়া তহুরা খাতুনের জায়গায় খেলতে নামেন শামসুন্নাহার জুনিয়র। এক গোল করা সানজিদা আক্তারের পরিবর্তে মাঠে আসেন মাতসুশিমা সুমাইয়া। বদলি হিসেবে নামা দুই ফুটবলারও করেন নিশানাভেদ। সুযোগের দারুণ ব্যবহার করে দলের সব ফুটবলারের নিজেকে উজাড় করে নেয়ার মানসিকতা নিয়েও কথা বলেন বাঘিনীদের কোচ। বললেন, ‘একজন বদলি ফুটবলার নেমে গোল করছেন এবং দুর্দান্ত পারফরম্যান্স করছেন। এতে নির্দেশ করে দলটি বেশ ভালো।’

সাইফুল বারী টিটুর সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের চুক্তি রয়েছে। বাফুফের সাবেক ব্রিটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি আবারো বাংলাদেশে ফিরে সাবিনাদের হেড কোচ হতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে টিটুর যাত্রা শেষের পথে কিনা- সেই প্রশ্ন উঠেছে। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন ,‘আমার চুক্তি ৩১ তারিখ পর্যন্ত রয়েছে। এরপরের বিষয় নিয়ে এখনো ভাবছি না।’

পল স্মলির হেড কোচ হয়ে আসলে তার অধীনে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন কিনা- এ প্রশ্ন শুনে হাসতে হাসতে টিটুর উত্তর, ‘আপনারা পারেনও ভাই!’

বিষয়:কমলাপুর টিটু ফিফা উইন্ডো বাংলাদেশ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল মেয়েদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…