কিশোরগঞ্জ

প্লাস্টিকের বিনিময়ে মিলছে গাছের চারা

প্লাস্টিকের বিনিময়ে মিলছে গাছের চারা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে মিলছে গাছের চারা। প্লাস্টিক দূষণ রোধ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রয়াস’।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে আয়োজিত ‘প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ’ কর্মসূচিতে প্রায় ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে তিনটি প্লাস্টিকের বোতল কিংবা নির্ধারিত পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে একটি করে গাছের চারা সংগ্রহ করেন অংশগ্রহণকারীরা। বাড়িতে জমিয়ে রাখা প্লাস্টিকের বোতল ও অন্যান্য প্লাস্টিক বর্জ্য নিয়ে কর্মসূচিতে হাজির হন নারী, পুরুষ, শিক্ষার্থী ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যতিক্রমী এ উদ্যোগে স্থানীয়দের ব্যাপক সাড়া দেখা যায়।

আয়োজকদের মতে, প্লাস্টিক ও পলিথিনের ইচ্ছামতো ব্যবহার এবং যত্রতত্র ফেলে দেওয়ার প্রবণতা পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু সচেতনতামূলক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পরিবেশ রক্ষা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের একক দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা রাখা, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করা এবং বেশি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া নবম শ্রেণির শিক্ষার্থী আবির ছয়টি প্লাস্টিকের বোতল জমা দিয়ে দুটি গাছের চারা পেয়েছে। সে বলে, এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্য সম্পর্কে সমাজে সচেতনতা তৈরি হবে, অন্যদিকে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফুল-ফল দেয় এবং পরিবেশকে সুন্দর রাখে। প্রয়াসের এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

আয়েশা নামে এক গৃহিণী ১২টি প্লাস্টিকের বোতল নিয়ে কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, বাসায় ব্যবহারের পর প্লাস্টিকের বোতল ও পলিথিন অনেক সময় যত্রতত্র ফেলে দেওয়া হয়, এতে পরিবেশের ক্ষতি হয়। ফেসবুকে দেখেছি, এখানে বোতল জমা দিয়ে গাছের চারা দেওয়া হবে। তাই আমিও এসেছি এবং গাছের চারা নিতে পেরে খুব ভালো লাগছে।

সংগঠনটির আহ্বায়ক নূরুল জান্নাত মান্না বলেন, প্রয়াসের উদ্যোগে আমরা প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ কর্মসূচির আয়োজন করেছি। এর মূল উদ্দেশ্য প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে উৎসাহিত করা। এ কর্মসূচির আওতায় আমরা প্রায় ৭০০টি গাছের চারা বিতরণ করেছি। অংশগ্রহণকারীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এ সাড়া ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে আমাদের অনুপ্রাণিত করবে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এ এস এম মিনহাজ উদ্দিন বলেন, ভালো কাজ করতে গেলে সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে এসব সমালোচনায় কান না দিয়ে জনসচেতনতামূলক ভালো উদ্যোগগুলো এগিয়ে নিতে হবে। পরিবেশ রক্ষায় ‘প্রয়াস’ এর এ উদ্যোগ প্রশংসনীয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি হুমকি। এসব বর্জ্য মাটিতে মিশে যেতে শত শত বছর সময় লাগতে পারে। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক বর্জ্য নদী ও সাগরে গিয়ে পরিবেশের ক্ষতি করছে। তাই যত্রতত্র প্লাস্টিক না ফেলে সঠিকভাবে সংগ্রহ, ব্যবস্থাপনা ও অপসারণ করা জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

পরিবেশবান্ধব এ কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

বিষয়:দূষণ রোধ প্রয়াস প্লাস্টিক বর্জ্য বৃক্ষরোপণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…