৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেয়ার কারিগর হওয়ার স্বীকৃতি পেলেন লিওনেল মেসি। করিম বেনজেমা ও কাইলিয়ান এমবাপেকে হারিয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কিংবদন্তি এলএম টেন। কোপা আমেরিকা ও কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে জেতানো মহাতারকা ফরাসি ক্লাব পিএসজির জার্সিতেও সময় কাটাচ্ছেন অনন্য।
সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২১–২২ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। কাতার বিশ্বকাপ পর্যন্ত সেরাদের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।
প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করে ফিফার এবারের অনুষ্ঠান শুরু করা হয়। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনাল্ডো নাজারিও স্মরণ করেন পেলেকে।
গত জানুয়ারিতে বর্ষসেরার জন্য ১৪ জনের তালিকা দেয় ফিফা। ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ভোটের পর ১০ ফেব্রুয়ারি সেরা তিনের নাম জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সেরা তিনের দৌড়ে ছিলেন মেসি, এমবাপে ও বেনজেমা। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে বিশ্বজয়ী মেসি।
ফিফা দ্য বেস্ট বিশ্বজয়ী আর্জেন্টিনার দলনেতা কাতার আসরে করেছেন ৭ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি। পিএসজির জার্সিতে গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে খেলেছেন ৩৪ ম্যাচ। ১১ গোলের পাশাপাশি এসিস্ট করেছেন ১৫ গোলে। জিতেছেন লিগ শিরোপাও।
সেরার দৌড়ে থাকা মেসির পিএসজি সতীর্থ কাইলিয়ান এমবাপে বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়েছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপে ৮ গোল ও ২ এসিস্ট করেছেন। পিএসজি জার্সিতে গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে খেলেছেন ৪৬ ম্যাচ, ২৬ গোলের পাশাপাশি তার এসিস্ট ছিল ২৬টি।
আরেক ফরাসি করিম বেনজেমা চোটে বিশ্বকাপে খেলতে না পারলেও শুরুতে ছিলেন দলে। ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ছিলেন অনবদ্য। লস ব্লাঙ্কোসদের জিতিয়েছেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। স্প্যানিশ লা লিগায় ৩২ ম্যাচে ২৭ গোলের পাশাপাশি এসিস্ট করেছেন ১২টি। চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে ১৫ গোল ও ২ এসিস্ট করেছেন ফরাসি ফরোয়ার্ড। সুপার কোপায় দুই ম্যাচে দুই গোল ও এক এসিস্ট ছিল তার।







