ব্যস্ত সূচিতে টানা খেলার ধকল কাটিতে উঠতে আগেই ফিফার কাছে গিয়েছিল খেলোয়াড়দের সংগঠনগুলো। সাড়া না পেয়ে আদালতেও যেতে হয়েছিল তাদের। শেষপর্যন্ত ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি আদায় হয়েছে, এখন থেকে বাধ্যতামূলক বিশ্রাম পাবেন খেলোয়াড়রা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শনিবার বিশ্বব্যাপী বিভিন্ন খেলোয়াড় সংগঠনগুলোর সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৈঠকে খেলোয়াড়দের জন্য মানবিক বিশ্রামের সময় নির্ধারণে সম্মত হয়েছেন তিনি।
দুই ম্যাচের মাঝে খেলোয়াড়রা কমপক্ষে ৭২ ঘণ্টা বিশ্রামের বিষয়ে খেলোয়াড় সংগঠনগুলোর সঙ্গে একমত হয়েছে ফিফা। প্রতি মৌসুম শেষে খেলোয়াড়রা কমপক্ষে ২১ দিনের ছুটি এবং প্রতি সপ্তাহে অন্তত একদিনের বিশ্রাম পাবেন। পাশাপাশি খেলোয়াড়দের আন্তঃমহাদেশীয় ভ্রমণ ও পরিবেশগত (জলবায়ু) প্রভাব বিবেচনায় নিয়ে নতুন আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার তৈরির বিষয়েও সম্মত হয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।
২০২৪ সালের জুনে ঠাঁসা সূচির মাধ্যমে প্রভাব খাটানো ও ইউরোপীয় সূচি আইনের লঙ্ঘনের অভিযোগে ইউরোপিয়ান ইউনিয়নে ফিফার বিরুদ্ধে মামলা দায়ের করে এফআইএফপিআরও (বিশ্ব ফুটবল খেলোয়াড়দের সংগঠন), ইংল্যান্ড ও ফ্রান্সের খেলোয়াড় ইউনিয়ন। শেষপর্যন্ত ফিফার সঙ্গে আলোচনার মধ্য দিয়েই তাদের দাবি আদায় হল।








