অসুস্থ মেয়েকে বাঁচাতে ছুটি, চাকরি হারিয়ে বিপন্ন বাবা
২৮ বছর ধরে প্রতিকারের অপেক্ষায় বাবা

ছবি: সংগৃহীত
সেরিব্রাল পালসিতে আক্রান্ত মেয়ের চিকিৎসা করাতে গিয়ে চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার আব্দুল মালেক।
আব্দুল মালেকের দাবি, ১৯৯৮ সালে মেয়ের চিকিৎসার জন্য ছুটির আবেদন করে রংপুর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে ছুটতে হয়। সে সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন জমা দেন।
তবে তার ছুটির আবেদন অনুমোদন না করে কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল মালেকের অভিযোগ, বিধি অনুযায়ী প্রাপ্য খোরপোষ ও অন্যান্য ভাতাও বন্ধ করে দেওয়া হয়। বারবার আবেদন করেও তিনি এসব পাওনা এখনো পাননি।
তিনি আরও অভিযোগ করেন, কর্মস্থলে তার অনুপস্থিতির সময়ের একটি অডিট আপত্তির ৩৮ হাজার ১০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এ বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি তার।
এ ঘটনায় দিনাজপুরের স্পেশাল জজ আদালতে মামলা নম্বর ২৫/২০১৬ করা হয়েছে বলে জানান আব্দুল মালেক।
আব্দুল মালেক বলেন, তার মেয়ে মাকসুদা আকতার মালা বর্তমানে সেরিব্রাল পালসিতে স্থায়ীভাবে আক্রান্ত। অসুস্থতার কারণে সে স্বাভাবিকভাবে লেখাপড়াও করতে পারে না। মেয়ের চিকিৎসা ও পরিবারের ব্যয় বহন করতে গিয়ে তিনি আর্থিক সংকটে পড়েছেন।
তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চুরখী গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেন তিনি।
নিজের চাকরিসংক্রান্ত বিষয় ও পাওনা ভাতা ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে প্রতিকার চেয়ে আবেদন করেছেন আব্দুল মালেক।
তার সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৯৮০৭৫৯৩৬৪, ০১৭৪৫৯১১১১৭ ও ০১৭২১৭৮৫০১৫।





