মেসেঞ্জার গ্রুপ খুলে জাল টাকা বিক্রি
২ লাখ ৩০ হাজার টাকাল জাল নোটসহ আটক ১

র্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও দুই পুলিশ সদস্যের ছবি, যেখানে তারা একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফেসবুকের মেসেঞ্জারে গ্রুপ খুলে জাল টাকা বিক্রির অভিযোগে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৩০ হাজার ৯০০ টাকার জালনোটসহ জিসান হোসেন রিফাত (১৯) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক এম. জে. সোহেল জানান, আটক জিসান বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমের সাহায্যে জাল টাকা তৈরির দক্ষতা অর্জন করে। এরপর কম সময়ে অল্প পুঁজিতে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে জাল টাকা প্রস্তুত করার পরিকল্পনা করে।
সেই অনুযায়ী জাল টাকা তৈরির প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করে এবং জাল টাকা সরবরাহের জন্য জাল টাকা তৈরি ও সরবরাহকারী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজ ও গ্রুপে সংযুক্ত হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এই চক্রটি বিভিন্ন গ্রুপে জাল টাকা তৈরীর প্রযুক্তি আদান প্রদান করে এবং জাল টাকা বিক্রির জন্য নেটওয়ার্ক হিসেবে ব্যাবহার করে। জিসান একটি মেসেঞ্জার গ্রুপ খুলে জাল নোটগুলো বিক্রয় করত। বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে কমেন্ট দেখে তাদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট তৈরি করে অগ্রীম টাকা নিয়ে নিতেন। পরবর্তীতে তাদের সুবিধাজনক স্থানে জাল নোটগুলো সরবরাহ করতেন।

তিনি আরও বলেন, জিসান ঢাকার কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর, ডেমরা এবং নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তৈরিকৃত জাল নোট সরবরাহ করত। সে প্রতি ১ লাখ টাকা মূল্যের জাল নোট ১০-১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করত।
চক্রটি মাছ বাজার, লঞ্চ ঘাট, বাস টার্মিনালসহ বিভিন্ন মার্কেটে নানান কৌশল অবলম্বন করে জাল নোট সরবরাহ করে আসছিল। এছাড়াও জিসান অধিক জন-সমাগম অনুষ্ঠান বিশেষ করে বিভিন্ন মেলা, উৎসব, পূজা ও কোরবানীর পশুর হাট উপলক্ষে বিপুল পরিমান জাল নোট ছাপাতো। এ পর্যন্ত জিসান বিভিন্ন সময়ে প্রায় ২ কোটি মূল্যমানের জাল নোটের ব্যবসা করেছে বলে জানা যায়।






