রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আসেন ফারুক আহমেদ। পাশাপাশি পরিচালক হিসেবে দায়িত্ব নেন নাজমুল আবেদীন ফাহিম। একইসঙ্গে বোর্ডে যোগ দেয়া দুজনের সম্পর্কের অবনতির খবর আসছে গণমাধ্যমে। ঘটনার জেরে নাজমুল আবেদীন বোর্ডের দায়িত্ব ছাড়তে চাচ্ছেন বলেও আলোচনা।
বিসিবি প্রধানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে নিজেই জানিয়েছেন বিষয়টি।
বোর্ড সভাপতি ঠিক কী বলেছিলেন সেটি অবশ্য প্রকাশ করেননি বর্ষীয়ান কোচ ও ক্রিকেট সংগঠক ফাহিম। বলেছেন, ‘আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।’
ফাহিমের ভাষ্যে, ‘আমি জানি না কেনো প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে। সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল। পরিচালকদের যে জায়গা দেয়া দরকার, সেটি কতটা বিসিবি প্রেসিডেন্ট দিতে চান, তা স্পষ্ট নয়। আমার কথা কিছুটা ভিন্ন হতে পারত। কারণ, আমরা দুজনই নতুন এসেছি। সেখানে আমাদের মধ্যে একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়।’
বোর্ড থেকে সরে যাওয়ার কথাও বলেছেন নাজমুল আবেদীন, ‘আমার মাঝেমধ্যে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তার চেয়ে ভালো বাইরে থাকা।’
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন নাজমুল আবেদিন। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।








