২০২৪ এসএসি পরীক্ষায় শতভাগ অন্তর্ভুক্ত শিক্ষার্থী ফেল করায় আলোচনায় এসেছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া মৌজা উচ্চ বালিকা বিদ্যালয়। তবে এক বছরের ব্যবধানে দৃশ্যপট বদলে গেছে। চলতি বছর এই অনেকের সব পরীক্ষার্থী এসএসসিতে পাস করেছে। এরমধ্যে একজন পেয়েছ জিপিএ-৫। এমন সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও এলাকাবাসী।
জানা গেছে , ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট আটজন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছয়জন বিজ্ঞান বিভাগ এবং দুজন মানবিক বিভাগ থেকে পরিক্ষায় অংশগ্রহণ করে। সবাই কৃতিত্বের সংঙ্গে উত্তীর্ণ হয়। বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।
অথচ , ২০২৪ সালে একই বিদ্যালয় থেকে নয়জন পরীক্ষায় অংশ নিয়ে সবই অকৃতকার্য হয়েছিল। এতে এলাকাবাসী মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বলেন, “আমরা সবসময় শিক্ষার মানোন্নয়নে সচেষ্ট। গতবারের ফলাফল আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কঠোর পরিশ্রম করেছে। মহান আল্লাহর রহমতে এবার শতভাগ পাসের সঙ্গে একটি জিপিএ-৫ও অর্জন করতে পেরেছি”।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, গত বছর বিদ্যালয়টির হতাশাজনক ফলাফলের পর আমরা শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার নির্দেশ দিয়েছিলাম। তারা আন্তরিকতা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করেছেন। এজন্য আমি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।








