মেলানিয়া ট্রাম্পের অনুষ্ঠানে জুবাইদা রহমান

ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান তিনি।
অনুষ্ঠানে মেলানিয়া ট্রাম্প তার নতুন বৈশ্বিক শিশু কল্যাণ উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরেন। এ সময় ডা. জুবাইদা রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
পরে হোয়াইট হাউস থেকে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়।
বৈঠকে শিশুদের নিরাপত্তা, সুস্বাস্থ্য এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মেলানিয়া ট্রাম্প। তিনি বলেন, একটি সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়তে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা জরুরি।
বিশ্বের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত শিশুদের সম্ভাবনা বিকাশে বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
মেলানিয়া ট্রাম্প বলেন, শিশুদের কল্যাণে নেওয়া বৈশ্বিক উদ্যোগকে আরও বিস্তৃত করতে হবে। এর বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে তিনি বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের প্রতি আহ্বান জানান।





