নিজের বাল্যবিয়ে ঠেকাতে মাদ্রাসা সুপারের কাছে ছাত্রীর আবেদন, বন্ধ হলো বিয়ে

পটুয়াখালীর গলাচিপায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করেছে ১৪ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। তার আবেদনের পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ হয়েছে। একই সঙ্গে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন মাদ্রাসার সুপার ও উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের চর শিবা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে। শিক্ষকদের ভাষ্য, পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এই শিক্ষার্থী নিয়মিত পড়া প্রস্তুত করে আসে। একবার বুঝিয়ে দিলেই বিষয়টি আয়ত্ত করতে পারে।
শিক্ষার্থীর জন্ম ২০১২ সালের ২৮ মার্চ। সে হিসাবে তার বয়স মাত্র ১৪ বছর। এর মধ্যেই পরিবার তার বিয়ের আয়োজন করে। সোমবার জোহর নামাজের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল।
এর আগে রোববার (৮ নভেম্বর) মাদ্রাসার সুপার মো. হারুন অর-রশিদের কাছে লিখিত আবেদন করে শিক্ষার্থীটি। আবেদনে সে জানায়, পরিবারের সদস্যরা তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছেন। কিন্তু সে এখন বিয়ে করতে চায় না। পড়াশোনা চালিয়ে গিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চায়। পরিবারের কাছে বোঝা হয়ে থাকলে তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্যও সুপারের কাছে আকুতি জানায় সে।
মাদ্রাসার সুপার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হককে জানান। পরে ইউএনওর নির্দেশনায় তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম ও মাদ্রাসার সুপার শিক্ষার্থীর বাড়িতে যান। তারা বিয়ের আয়োজন বন্ধ করেন এবং শিক্ষার্থী ও তার বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
সেখানে শিক্ষার্থীর বাবার কাছ থেকে মেয়ের বিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
ইউএনও বলেন, খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীর বাবাকে সতর্ক করার পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
শিক্ষার্থীর বাবা জানান, তিনি দিনমজুরের কাজ করেন। সংসারে তিন মেয়ে ও এক ছেলে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তাদের সন্তানদের পড়াশোনার খরচও তাকে বহন করতে হয়। আর্থিক সংকটের কারণে মেয়ের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। এ কারণে তিনি বিয়ের উদ্যোগ নিয়েছিলেন। তবে এখন মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস পাওয়ায় তাকে পড়াতে চাই।
এদিকে ভিডিওকলের মাধ্যমে শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার সাহসী উদ্যোগের প্রশংসা করে তিনিও পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন।
প্রশাসনের হস্তক্ষেপ, শিক্ষকদের সহযোগিতা ও জনপ্রতিনিধির আশ্বাসে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে এই শিক্ষার্থী। এখন পড়াশোনা চালিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার নতুন স্বপ্ন দেখছে সে।






