ইউরোপের মহাদেশীয় ফুটবলের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। এরই মাঝে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড। চোটজনিত কারণে আসর থেকে ছিটকে যেতে পারেন গত মৌসুমে বায়ার্ন মিউনিখে যোগ দেয়া দলটির অধিনায়ক হ্যারি কেন।
গত ৮ মে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের ব্যাবধানে হেরে বিদায় নে বায়ার্ন মিউনিখ। ওই ম্যাচেই পিঠে চোট পেয়েছিলেন ৩০ বর্ষী ইংলিশ তারকা। বুন্দেসলিগায় পরের ম্যাচ উলফসবার্গের সঙ্গে মাঠের বাইরের ছিলেন। এমনকি শনিবার হফেনহেইমের বিপক্ষে ম্যাচেও খেলবেন না বলে জানিয়েছেন দলটির কোচ থমাস টুখেল।
কেনের চোট প্রসঙ্গে টুখেল বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে চোটের সঙ্গে লড়াই করছিলেন কেন। ব্যক্তিগত ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন ভ্রমণ করতে পারেন না। তার পিঠে ব্যাথাটা এতটাই বেশি যে, তিনি নড়াচড়া করতে পারছিলেন না। ব্যাথা আরও বেড়েছে এবং প্রতিদিনের চলাফেরায় তার অসুবিধা করছে।’
বায়ার্নের হয়ে গত মৌসুমটা কেনের জন্য দারুণ হলেও শিরোপা ধরে রাখতে পারেনি টানা ১১ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। লিগে চলতি মৌসুমে চারটি হ্যাটট্রিকসহ ৩৬টি গোলে বুন্দেসলিগায় তিনি নিজের অভিষেক মৌসুম শেষ করেন। অন্যদিকে, বায়ার্নকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতেও তার দারুণ অবদান ছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪টি গোল করেছেন, আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১২টি।
আগামী ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো ২০২৪ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে থ্রি লায়নরা। প্রথমটি ৩ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে, ৭ জুন তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।







