ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক ছিলেন শোয়েব বশির। ভারতের শেষ উইকেট নিয়ে লর্ডসে এক নাটকীয় জয় আনেন এই ইংলিশ স্পিনার। লর্ডস টেস্টের তৃতীয় দিনে নিজের ওভারে রবীন্দ্র জাদেজার নেয়া শট ধরতে যেয়ে বাঁহাতের কনিষ্ঠ আঙুল চোট পান তিনি। চোটের কারণে ছিটকে পড়েন পরের দুটেস্ট থেকে। কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে বলে এ সপ্তাহের শেষে অস্ত্রোপচার করানোর কথাও রয়েছে তার।
চোট পেয়ে প্রথমে মাঠ ছাড়েন বশির, তবে বেন স্টোকস তাকে আবার মাঠে ফেরান। আঙুলে ব্যান্ডেজ পরে ব্যাটও করেন বশির। ৫.৫ ওভার বল করে ভারতের শেষ উইকেটি শিকার করেন তিনি। ৭৪তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ সিরাজকে বোল্ড আউট করেন তিনি।
বশিরকে নিয়ে ম্যাচ শেষে বেন স্টোকস বলেছেন, ‘চোটের মধ্যে থেকেও শেষ উইকেট নেয়া তার জন্য অসাধারণ এক অনুভূতি। তার হাতের এমন অবস্থার পরেও সে যেভাবে খেলে গেছেন তা সত্যিই অবিশ্বাস্য। চোট পেয়ে মাঠ ছাড়ার পর আবারও সেই ম্যাচে ফিরে সে পুরো ম্যাচ যে ভাবে সে শেষ করেছে তাতে আমি গর্বিত।’







