বরেণ্য লেখক ও গবেষক গোলাম মুরশিদ ৮৪ বছর বয়সে লন্ডনের কুইন্স হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন গোলাম মুরশিদ। গত কিছুদিন ধরে তিনি লন্ডনের কুইন্স হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোলাম মুরশিদের জন্ম ১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার কর্মজীবন শুরু হয় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। পরে প্রায় দুই দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন।
১৯৮৪ সালের জানুয়ারি থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি লন্ডনের বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন। এ ছাড়া ১৯৯১ সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় জড়িত ছিলেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের গবেষণা সহযোগী ছিলেন। ভয়েস অব আমেরিকার বিভিন্ন অনুষ্ঠানে তিনি কণ্ঠ দিতেন। অবসরজীবনে মূলত তিনি লন্ডনেই বাস করছিলেন।
লন্ডনে গোলাম মুরশিদের অবসরজীবন কাটছিল ১৮ শতকের বাংলা গদ্য এবং মাইকেল-জীবন নিয়ে গবেষণা করে। তিনি ২০২১ সালে ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এর আগে প্রবন্ধ সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান ১৯৮২ সালে।








