প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ আজ ইরানে পাঠানোর জন্য ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের কাছে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। এই সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার জন্য জরুরি ওষুধ ও সরঞ্জাম কেনার জন্য গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন। অনুষ্ঠানে সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি।
সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই দুঃসময়ে সহমর্মিতার জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বজুড়ে বিপদগ্রস্ত মানুষের পাশে কাজ করে। যুদ্ধকালীন সময়ে ইরানের জনগণের জন্য এই সহায়তায় অংশ নেওয়া আমাদের দায়িত্ব।








