পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা এবং সঞ্চালনা করেন দূতালয় প্রধান এস এম গোলাম সরোয়ার।
অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
পরবর্তীতে জুলাই শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক , সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন। সভায় বক্তাগণ বিগত ফ্যাসিস্ট সরকারের দু:শাসন এবং ছাত্র জনতার উপর চালিত নির্মমতা ও নৃশংসতা তুলে ধরেন।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা তাঁর বক্তব্যে বলেন জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে এবং ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক ও স্বচ্ছ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি দেশ গঠনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ প্রবাসী বাংলাদেশীদের মাঝে তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশী কমিউনিটিকে জুলাই শহীদের চেতনা ধারণ করে দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
পরিশেষে দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং বৈকালিক আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।







