সাইবার প্রতারণার শিকার হয়ে অস্বাভাবিক মৃত্যুর পথ বেছে নিয়েছেন ভারতের কর্ণাটকের বেলগাভি জেলার বৃদ্ধ দম্পতি। সুইসাইড নোটে তারা প্রতারকদের হুমকির কথা উল্লেখ করেছেন।
আজ শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, দিয়াঙ্গো নাজারত নামের ৮৩ বছর বয়সী ওই বৃদ্ধ গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মঘাতী হন। তার স্ত্রী ৭৯ বছর বয়সী প্লাইভিয়ানা নাজারত বিষ খেয়ে প্রাণ হারান। প্রতারিত হয়ে ৫০ লাখ টাকারও বেশি অর্থ খুইয়েছেন তারা।
জানা গেছে, প্রতারকরা নিজেদের দিল্লি ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা বলে পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে। ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তাদের মোবাইল নম্বর ও পরিচয়পত্র একটি অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়েছে।
এই মামলা নিষ্পত্তির জন্য ৫ লাখ টাকা দাবি করে ওই চক্র। প্রতারকদের কথায় বিশ্বাস করে দম্পতি প্রথমে ৫ লাখ টাকা দিয়ে দেন। কিন্তু এরপর বারবার ফোনে হুমকি আসতে থাকে। ধাপে ধাপে আরও টাকা দাবি করতে থাকে। এভাবে প্রতারিত হয়ে মোট ৫০ লাখ টাকারও বেশি খুইয়ে বসেন তারা।
জানা গেছে, মহারাষ্ট্র সচিবালয়ের সাবেক কর্মী এই দম্পতির কোনো সন্তান বা নিকটাত্মীয় ছিল না। ফলে, প্রতারণার বিষয়টি কাউকে জানাতে পারেননি তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। প্রথমে এই ঘটনাকে হত্যা বলে সন্দেহ হলেও, সুইসাইড নোট এবং কল রেকর্ড পরীক্ষা করে জানা যায় এটি আত্মহত্যা।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে বেলাগাভির পুলিশ সুপার ভীমাশঙ্কর গুলেদ বলেন, তদন্তের অংশ হিসেবে পুলিশ তার মোবাইল ফোন, ছুরি এবং সুইসাইড নোটটি হেফাজতে নিয়েছে।
মৃত্যুর নোট এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে, আমরা নোটে নাম থাকা দুই অভিযুক্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা এবং সাইবার জালিয়াতির মামলা দায়ের করেছি এবং অধিকতর তদন্ত চলছে,” বলেন তিনি।








