পটুয়াখালীর দশমিনায় মানসিক ভারসাম্যহীন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বড় ভাই। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মান্নান ফকির (৫০) চরহোসনাবাদ গ্রামের মৃত আনজুর ফকিরের বড় ছেলে। এ ঘটনায় ঘাতক ওমর ফারুক (৪৮) কে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ওমর ফারুক বাড়িতে ও এলাকার মানুষের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ করতো। এ নিয়ে বৃহস্পতিবার সকালে বড় ভাই মো. মান্নান ফকির ছোট ভাই ওমর ফারুককে গালমন্দ ও বকাঝকা করলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার বসত ঘরে ঢুকে ফল কাটার ধারালো ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেন।এলাকাবাসী উদ্ধার করে মান্নান ফকিরকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্নান ফকিরের স্ত্রী মিনারা খাতুনের জানান, এর আগেও ওমর ফারুক তার স্বামী মান্নান ফকিরের ওপর হামলা চালিয়েছে।
তবে নিহতের মা সাহেরা বিবি ও আত্মীয় স্বজনরা জানান, ওমর ফারুক অনেকদিন আগে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে মানসিক ভারসাম্য হারায়।
এ বিষয়ে দশমিনা থানার ওসি (তদন্ত) অনুপ দাস বলেন, বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ওমর ফারুক ফকিরকে আটক করে মামলা দায়ের এবং নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।








