এল সালভাদরে স্টেডিয়াম ধসে ১২ মৃত্যু

ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ও খেলোয়াড়দের ভিড়, একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামের অংশ ধসে ১২ জনের মৃত্যু হয়েছে। কাসকাটলান স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনা-ভিত্তিক দল ফাসের মধ্যে ম্যাচ চলাকালীন দুর্ঘটনা ঘটে। পরে ম্যাচ স্থগিত করা হয়।
গেট বন্ধ করার পর বিপুল সংখ্যক সমর্থক অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করে, তখনই বিপর্যয় ঘটেছে। কর্মকর্তারা বলছেন, কিছু সমর্থকের কাছে জাল টিকিট ছিল, যার তদন্ত চলছে।
ঘটনাটিকে এল সালভাদরের রাষ্ট্রপতি নায়েব বুকেল ‘নজিরবিহীন’ উল্লেখ করে ‘পূর্ণাঙ্গ তদন্তের’ নির্দেশ দিয়েছেন। পুলিশের তথ্যমতে, মৃতদের সাতজন পুরুষ এবং দু’জন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ বছরের বেশি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সমর্থকরা স্টেডিয়ামের প্রবেশপথের প্রতিবন্ধক সরানোর চেষ্টা করছে। ম্যাচের একটি লাইভ স্ট্রিমিংয়ে দেখা গেছে, স্ট্যান্ডে গোলমাল শুরুর পর ম্যাচ স্থগিত করা হয়। পরে দর্শকদের স্ট্রেচারে করে জরুরি সেবাকেন্দ্রে নিয়ে যেতে দেখা যায়।
রেসকিউ কমান্ডো ফার্স্ট এইড গ্রুপের একজন স্বেচ্ছাসেবক সাংবাদিকদের বলেন, ‘এটি সমর্থকদের এমন একটি ধস ছিল, যারা গেটটি অতিক্রম করেছিল। কিছু মানুষ তখনও টানেলের নিচে ছিল। অন্যরা স্ট্যান্ডে এবং তারপর মাঠে যেতে সক্ষম হয়েছিল এবং তারা স্তব্ধ হয়ে গিয়েছিল।’
ঘটনায় বুকেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, ‘দল, ম্যানেজার, স্টেডিয়াম কর্তৃপক্ষ, লিগ এবং ফেডারেশনসহ সবাইকে তদন্তের আওতায় আনা হবে। যে-ই দোষী হোক না কেন, শাস্তির আওতায় আসবে।’
এল সালভাদরের নাগরিক সুরক্ষক লুইস আলোনসো অ্যামোয়া বলেছেন, ৫০০ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে, যার মধ্যে অনেককেই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি বলেছেন, আহত অধিকাংশের অবস্থাই স্বাভাবিক এবং হাসপাতাল থেকে মৃত্যুর আর কোন তথ্য আসেনি। সালভাদর সকার ফেডারেশনের পক্ষ থেকে রোববারের সব পর্যায়ের সকল ম্যাচ স্থগিত করা হয়েছে।






