দেশব্যাপী চলমান নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে।
রোববার (৯ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আয়োজনে এই সমাবেশ হয়। এসময় ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষক-শিক্ষার্থীদের।
সমাবেশে বক্তারা বলেন, মানুষ মূলত নির্যাতন করে ক্ষমতার বিস্তারের জন্য। মানুষ জানে নারী নিপীড়ন করলে শান্তি হয় না, বরং সমাজ সেটাকে নরমালাইজ করে। এজন্য দেশে নারী নিপীড়ন সাংঘাতিকভাবে বেড়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিচার দাবির পাশাপাশি ওই শিক্ষার্থীকে যারা বুলিং ও সাইবার আক্রমণের শিকার করিয়েছেন এবং ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছেন, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
এছাড়া মব তৈরি করে নারীর অমর্যাদাকে ‘বীরত্ব’ বলে প্রতিষ্ঠিত করার বিরুদ্ধেও ব্যবস্থা নেবার দাবি জানানো হয়েছে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন এবং সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফাসহ বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।







