রাজধানীর রামপুরা এলাকা হতে ৫৬ বোতল ফেন্সিডিলসহ অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ মোহন হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব ৩।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ মোহন হোসেন(৩৫) কে ৫৬ বোতল ফেন্সিডিলসহ শুক্রবার বিকাল ৪টায় গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন জানান, গ্রেপ্তার আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এর চালান নিয়ে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। তার মাদকের ব্যবসার সাথে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানিয়েছে সে।
এসব সিন্ডিকেটকে গ্রেপ্তারের জন্য র্যাবের অভিযান চলমান রয়েছে এবং ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র্যাব।








