চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে বল হাতে নিলেন মোহাম্মদ শামি। প্রথম দুটি বল ডট দিয়েছিলেন গুজরাট টাইটান্স পেসার। টিভি স্ক্রিনে খেলা দেখতে বসা সবাই তখন দেখলেন ডট বলের সংকেতের বদলে দেখানো হচ্ছিল একটি সবুজ গাছের ছবি।
খানিক পরই জানানো হয় অভূতপূর্ব এক উদ্যোগের কথা। আইপিএলের প্লে-অফ রাউন্ডে প্রতিটি ডট বলের জন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে নেয়া হয়েছে ৫০০টি বৃক্ষরোপণের পরিকল্পনা। বৈশ্বিক উষ্ণতা কমাতে নেয়া হয়েছে এমন অভিনব উদ্যোগ।
এই গাছগুলো কোথায় এবং কবে লাগানো হবে, তা এখনও জানানো হয়নি। এবারের আইপিএলের দুই কোয়ালিফায়ার, এক এলিমিনেটর ও ফাইনাল ম্যাচের মোট ডট বল যোগ করে সেই সংখ্যাকে ৫০০ নিয়ে গুণ করে গাছের হিসাব করা হবে।
প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে ১৫ রানে হারিয়ে আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে দুই দলের বোলাররা মোট ৮৪টি ডট বল করেছেন। অর্থাৎ, এই ম্যাচের জন্যই রোপিত হবে ৪২ হাজার গাছ।







