উইম্বলডনে শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেছেন নোভাক জোকোভিচ। টানা দুদিন তুমুল লড়াই চালিয়ে পোল্যান্ডের হুবার্ট হুরকাজের বিপক্ষে জয় পেয়েছেন সার্বিয়ান মহাতারকা। টুর্নামেন্টের কারফিউ নিয়মের কারণে আগেরদিন অসম্পূর্ণ থাকায় দ্বিতীয় দিনে ফল আসে ম্যাচের। এমন নিয়মের কারণে এবার কোয়ার্টার ফাইনালে তিন দিন ম্যাচ চালিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন জোকোভিচ।
দুদিনে হওয়া শেষ ষোলোর ম্যাচটি ৭-৬ (৮-৬), ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-৪ ব্যবধানে জিতেছেন জোকোভিচ। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আন্দ্রে রুবলেভের মুখোমুখি হবেন রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামজয়ী।
রোববার রাতে প্রথম দুই সেটে জয় পান জোকোভিচ। এরপর ২০০৯ সাল থেকে শুরু হওয়া কারফিউ নিয়মের কারণে খেলা বন্ধ হয়ে যায়। রাত ১১টার পর খেলা হলে আশপাশের মানুষ এবং দর্শকদের বাড়ি ফিরতে সমস্যা হতে পারে, এমন ভেবেই এই নিয়ম চালু করা হয়েছে। সোমবার দ্বিতীয় দিনে ম্যাচ গড়ালে চলতি আসরে প্রথম কোনো সেট হারেন ৩৬ বর্ষী জোকো। অবশ্য শেষপর্যন্ত জয় নিশ্চিত করেই কোর্ট ছাড়েন।
লন্ডনের স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হয়ে রাত ১১টায় পর্যন্ত চলে টুর্নামেন্টের খেলাগুলো। আর ১১টা থেকে জারি হয় কারফিউ নিয়ম। ফলে প্রতিদিন কিছু ম্যাচ যথাসময়ে শেষ না হলে পরেরদিন পর্যন্ত স্থগিত করে কর্তৃপক্ষ। যে কারণে সময়ের কিছুটা পরিবর্তনের কথা বলছেন জোকোভিচ।
‘আমি মনে করি ম্যাচগুলো অন্তত ১২টায় শুরু করা যেতে পারে। তাতে কিছুটা অতিরিক্ত সময়ে শেষদিকে একটি পার্থক্য তৈরি হবে। এসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উপায় আছে। আশা করি তারা এসব সমস্যা সমাধান করবে এবং ভবিষ্যতে এধরনের সমস্যা এড়াতে চেষ্টা করবে।’
অন্য ম্যাচে চেক রিপাবলিকের ইজি লেহেচকাকে হারিয়ে প্রতিযোগিতাটিতে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছেন দানিল মেদভেদেভ। ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন দানিলের বিপক্ষে প্রথম দুই সেটে ৬-৪, ৬-২তে হারের পর চোটের কারণে সরে দাঁড়ান লেহেচকা।
মেয়েদের এককে ব্রাজিলীয় টেনিস তারকা বিট্রিজ হাদ্দাদ মাইয়ার বিপক্ষে জয় পেয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনা। হাদ্দাদও চোট পেয়ে ম্যাচের মাঝপথে সরে দাঁড়ান। প্রথম সেটে রিবাকিনা ৪-১তে এগিয়ে থাকার সময় পিঠে চোট পেয়ে কান্নাভেজা চোখে কোর্ট ছাড়েন তিনি।








