চলে গেলেন ‘রঙ্গীন উজান ভাটি’র পরিচালক শিল্পী চক্রবর্তী
বৃহস্পতিবার সন্ধ্যায় রঙ্গীন 'উজান ভাটি' ছবির এই পরিচালক পুরান ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন

চ্যানেল আই অনলাইন এর জন্য তোলা শিল্পী চক্রবর্তী ও তার সহকর্মীদের ছবি, বাংলাদেশের সাংস্কৃতিক ও সংবাদ পরিবেশনের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলচ্চিত্র নির্মাতা শিল্পী চক্রবর্তী (৭১) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় রঙ্গীন ‘উজান ভাটি’ ছবির এই পরিচালক পুরান ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা চ্যানেল আই অনলাইনকে মৃত্যুর খবর জানিয়ে বলেন, ৭টা ৫০ মিনিটে শিল্পী চক্রবর্তী মারা গেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী চক্রবর্তী। ২০২২ সালে তার একবার স্ট্রোক হয়েছিল। এরপর থেকে শিল্পী চক্রবর্তী শারীরিকভাবে দুর্বল ছিলেন।

কবিরুল ইসলাম রানা বলেন, বুধবার রাতে তিনি (শিল্পী চক্রবর্তী) বাসায় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যায় তিনি মারা যান।
শিল্পী চক্রবর্তী বিনি সুতার মালা, উজান ভাটি, আমার আদালত, তোমার জন্য পাগল, সবার অজান্তে, চরমপত্র, মীমাংসা ছবিগুলো নির্মাণ করেন।






