আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।
২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী (দীপু)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ১৯ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় থেকে বাবার সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। যদিও আওয়ামী লীগ থেকে দীপু মনোনয়ন পাননি, পেয়েছেন তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।







