সিজেপির বিক্ষোভ মঞ্চে প্রকাশ রাজের সঙ্গে ধ্রুব রাঠি

ভারতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)- এর বিরুদ্ধে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে শুরু হওয়া এই বিক্ষোভে অংশ নিয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি ও জনপ্রিয় অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজ।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হয়েছে।
আয়োজকদের অভিযোগ, ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।
বিক্ষোভস্থলে সিজেপি নেতাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সিজেপি নেতারা আগেই জানান, ধ্রুব রাঠিও এই কর্মসূচিতে অংশ নেবেন।
পরে নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ধ্রুব রাঠি।
ভিডিওতে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্যই এই লড়াই। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে শুরু হওয়া এই বিক্ষোভ মঞ্চে অভিজিৎ দীপকে ও প্রকাশ রাজের সঙ্গে ধ্রুব রাঠিকেও দেখা গেছে।
ধ্রুব ভারতীয় ইউটিউবার হলেও তিনি বাস করেন জার্মানিতে। বিয়েও করেছেন জার্মান নারী জুলিকে। তার ইউটিউব ভিডিওগুলি ভীষণভাবে জনপ্রিয়। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপিকে লক্ষ্য করে তার কিছু ভিডিও ভাইরাল হয়। বলা হয়, মোদি সরকারের জনপ্রিয়তার ভিত নাড়িয়ে দিয়েছিলো ধ্রুব সেইসব কনটেন্ট! ডেকান ক্রনিকল





