আন্তর্জাতিক

শেষ মুহূর্তে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা

শেষ মুহূর্তে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলটিকে দেশের ইতিহাসের সবচেয়ে চরমপন্থী, কমিউনিস্ট ও বিপজ্জনক মৌলবাদীদের মনোনয়ন দেওয়ার অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের সীমান্ত উন্মুক্ত করে দেবে বলেও দাবি করেন ট্রাম্প।

আইওয়া ও কানসাসে জনসভা করার মধ্য দিয়ে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা শেষ করেন তিনি। একসময় রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই দুই অঙ্গরাজ্যে এবার বেশ কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

কানসাসে রিপাবলিকান সিনেট প্রার্থী রজার মার্শালের পক্ষে প্রায় ৯০ মিনিটের বক্তব্য দেন ট্রাম্প। সেখানে ডেমোক্র্যাটদের অভিবাসন নীতির সমালোচনার পাশাপাশি দলটির প্রার্থীদের চরমপন্থী বলে আক্রমণ করেন তিনি। অঙ্গরাজ্যটির ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিল্টনকেও কটাক্ষ করেন।

জনসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার কারণেই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শত্রুরা দুর্বল হয়ে পড়েছে।

এর আগে আইওয়ার জনসভায় মিশিগানের ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আব্দুল এল-সায়েদকে ‘জিহাদি’ বলে আক্রমণ করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় এর আগেও তাঁকে একই ধরনের ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প প্রশাসনের জন্য এক ধরনের গণভোটে পরিণত হয়েছে। অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় এবং মধ্যপ্রাচ্য সংকটের মতো বিষয়গুলো ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। নির্বাচনে ইতোমধ্যে ৫ কোটি ৪০ লাখের বেশি আগাম ভোট পড়েছে।

বিষয়:নির্বাচনী প্রচারণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…