আইপিএলকে বিদায় ধোনির, আবেগঘন বার্তা ধানুশ-জুহি-কার্থির

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আইপিএলে খেলার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে শেষ হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লীগে তার দীর্ঘ খেলোয়াড়ি পথচলা। ধোনির বিদায়ের খবরে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমার একাধিক তারকা। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ধানুশ, জুহি চাওলা, কার্থি , বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরের মতো তারকারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ধোনিকে মেন্টর হিসেবে নিয়োগের ঘোষণা দেয় চেন্নাই সুপার কিংস। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও আইপিএলে খেলা চালিয়ে গেছেন তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে বারবার চোটের কারণে বেশ কিছু ম্যাচে মাঠে নামতে পারেননি এই ক্রিকেটার।
ধোনির বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন বার্তা দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক ও অভিনেত্রী জুহি চাওলা। ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস-এর ম্যাচের স্মৃতি তুলে ধরে জুহি লেখেন, ‘মাহি, ইডেন গার্ডেনে কেকেআর-সিএসকের ম্যাচগুলোর কথা সব সময় মনে থাকেবে। সাধারণত স্টেডিয়ামটি বেগুনি রঙে রাঙানো থাকে। কিন্তু চেন্নাই খেলতে নামলে আপনার কারণে পুুরো স্টেডিয়াম হলুদ হয়ে যায়। আপনি মাঠে প্রবেশ করার সময় ৬০ হাজার দর্শক “ধোনি, ধোনি” বলে চিৎকার করেন। আপনার প্রভাব এমনই! জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য জানাই শুভকামনা’।
অভিনেতা ধানুশও ধোনিকে বিদায় জানিয়ে লিখেছেন, ‘কিছু খেলোয়াড় আমাদের আনন্দ দেন, আবার কেউ কেউ আমাদের জীবনের অংশ হয়ে ওঠেন। এমএস ধোনি ছিলেন দুটোই। অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ। আপনাকে ছাড়া খেলাটি আর আগের মতো থাকবে না। তবে মাঠের বাইরে আপনাকে দেখার অপেক্ষায় থাকব’।
তরুণ ক্রিকেটারদের ওপর ধোনির প্রভাবের কথাও উল্লেখ করেছেন ধানুশ। তার মতে, ধোনির পরামর্শ ও অভিজ্ঞতা থেকে হাজারো তরুণ উপকৃত হয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতেও তার এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অভিনেতা। সবশেষে ধোনিকে ‘চ্যাম্পিয়ন’ আখ্যা দিয়ে বিদায় জানান তিনি।
কার্থি ধোনিকে নিয়ে লেখেন, ‘আমরা এমন এক প্রজন্মের মানুষ, যারা চোখের সামনে একজন তরুণকে কিংবদন্তি হয়ে উঠতে দেখার সৌভাগ্য পেয়েছি’। ধোনির সাত নম্বর জার্সির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, চেন্নাইয়ের মানুষের কাছে তিনি সব সময় ‘থালা’ হয়েই থাকবেন।
একটি পুুুুরনো ভিডিও শেয়ার করে বরুণ ধাওয়ান লিখেছেন, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। অন্যদিকে, অর্জুন কাপুরের মন্তব্য, ‘একটি যুগের অবসান’।
ধোনির বিদায় প্রসঙ্গে চেন্নাই সুপার কিংস-এর মালিক এন শ্রীনিবাস বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকের অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা এক সঙ্গে পথ চলেছি-জয়, পরাজয় এবং নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে’।
দলের সহ-মালিক রুপা গুরুনাথ জানান, মেন্টর হিসেবে ধোনি সিএসকের সঙ্গে থাকবেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য অত্যন্ত মূল্যবান। বিশেষ করে দলে অনেক তরুণ ক্রিকেটার থাকায় তাদের গড়ে তুলতে ধোনির দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। দলের হয়ে ২৭২ টি ম্যাচ খেলে সিএসকের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। ৫ হাজার ৩১৪ রান নিয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও ধোনি। আইপিএলের পাঁচটি শিরোপার পাশাপাশি তার নেতৃত্বে দুটি চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টি শিরোপাও জিতেছে সিএসকে। অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতায় যা সর্বোচ্চ।এনডিটিভি






