ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণের দোকানে চুরি

ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানমালিকের দাবি, প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে আনাম র্যাংকস প্লাজা নামে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গহনা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গহনা চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।
ধানমন্ডি থানার একজন কর্মকর্তা জানান, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে বলে তারা সন্দেহ করছেন। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন বলে দাবি করেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে শপিং মলটি ঘিরে রাখে ধানমন্ডি থানা-পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।





