পুরান ঢাকার শিল্প, সংস্কৃতি ও সামাজিক বৈচিত্র্যকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘ঢাকাইয়া দেবদাস’। জাহিদ হোসেনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি এই সিনেমা শুধু একটি প্রেমকাহিনী নয়—এটি পুরান ঢাকার ইতিহাস, ধর্ম, ভাষা ও সংস্কৃতির অনন্য মেলবন্ধন তুলে ধরবে বড় পর্দায়।
চলচ্চিত্রটির পরিবেশনায় রয়েছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল। প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার, কুদরত-ই-খুদা ও মাহবুব আলম। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলী ও চিত্রনায়ক আদর আজাদ।
শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত হয় ছবিটির মহরত অনুষ্ঠান। পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘ঢাকাইয়া দেবদাস’ শুধু একটি প্রেমের গল্প নয়। এর সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্য, ভাষা, উৎসব আর সংস্কৃতির প্রবাহ একসাথে উঠে আসবে। বিশ্ব সিনেমায় জাতি-ধর্ম-ভাষা নির্ভর চলচ্চিত্র বিরল; তাই আমরা চাই আন্তর্জাতিক পরিমণ্ডলে পুরান ঢাকার সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরতে।
পুরান ঢাকাকে বলা হয় ধর্ম, ভাষা ও সংস্কৃতির মিলনস্থল। এখানে সুন্নি-শিয়া, কাদিয়ানী, ওয়াহাবি, আল হাদিসি, হিন্দু, ব্রাহ্মণ ও খ্রিস্টানসহ নানা সম্প্রদায়ের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে সহাবস্থানে আছে। সিনেমাটিতে এই বৈচিত্র্য ফুটে উঠবে বিভিন্ন উৎসব ও সংস্কৃতির দৃশ্যে—যেমন সাকরাইন (ঘুড়ি উৎসব), নববর্ষের হালখাতা, মহরমের তাজিয়া মিছিল, ঈদ ও পূজার উৎসব, হিজড়া সম্প্রদায়ের গান, কাওয়ালী, কাসিদা ও শোকের গান।
এছাড়া ঢাকাবাসীদের জীবনের নানা রীতিনীতিও থাকবে। নবজাতক আগমনের অনুষ্ঠান, মেয়েদের নাক-কান ছিদানি, ছেলেদের মুসলমানি, মাজার জিয়ারত ও মানতসহ শিয়াদের হোসেনীদালানের সংস্কৃতি।
মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেন খালেদ, চেয়ারম্যান, সিটি ব্যাংক পিএলসি ও এমডি, আনোয়ার গ্রুপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম বক্স, পুরান ঢাকার গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
অনুষ্ঠানের শুরুতে ঢাকার ঐতিহ্যবাহী সুসজ্জিত ঘোড়াগাড়িতে করে নায়ক-নায়িকাকে মঞ্চে আনা হয়। এরপর অতিথি ও শিল্পীরা যৌথভাবে উন্মোচন করেন ‘ঢাকাইয়া দেবদাস’-এর ব্যানার।
অনুষ্ঠানে বুবলী ও আদর আজাদ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন,“এটি শুধু প্রেম নয়, পুরান ঢাকার আত্মাকে ধারণ করা এক সিনেমা। আমরা গর্বিত এমন গল্পের অংশ হতে পেরে।”
প্রযোজক জাহাঙ্গীর সিকদার ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,“এই ছবির মাধ্যমে পুরান ঢাকার কৃষ্টি-সংস্কৃতিকে দেশ-বিদেশের দর্শকদের সামনে তুলে ধরতে চাই।”
‘ঢাকাইয়া দেবদাস’—প্রেম, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতির রঙে রাঙানো এক ঢাকাবাসীর গল্প, যা নতুনভাবে চিনিয়ে দেবে পুরান ঢাকাকে বড় পর্দায়।








