সুপার সাব ইব্রাহিমের গোলে ঘরের সাফে শুভ যাত্রা বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে জয় তুলেছে বাংলাদেশ। সুপার সাব মোহাম্মদ ইব্রাহিমের গোলে ভুটানকে ১-০তে হারিয়েছে লাল-সবুজের দল। বদলি নামার মিনিট দুয়েক পরই শমিত সোমের অ্যাসিস্টে গোল পান ইব্রাহিম। পুরোটা সময় বাংলাদেশ আধিপত্য দেখালেও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৬৯ মিনিট পর্যন্ত।
ম্যাচের শুরুতে বেশ খানিকটা চমক দেখিয়েছে বাংলাদেশ। তপু বর্মণকে অধিনায়ক করে শুরুর একাদশ ঘোষণা করা হলেও মাঠে অধিনায়কের আর্মব্যান্ড পরে নামেন জামাল ভূঁইয়া। তপুকে মাঠেই দেখা যায়নি। আর নাম্বার নাইন পজিশনে খেলেছেন বিশ্বনাথ ঘোষ।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আক্রমণ করে বাংলাদেশ, রাইট উইং দিয়ে আক্রমণ গড়েন ফরোয়ার্ড রাকিব হোসেন। পরে জিদান ইউসুফ একটি সুযোগ পান। ১৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ভালো হেড করেন শমিত সোম, যদিও ভুটান গোলরক্ষক বল ঠেকিয়ে দেন। ১৭ মিনিটে লেফট উইং থেকে রাকিবের ক্রসে প্রথম সবচেয়ে ভালো সুযোগটি গোলবারের বাইরে দিয়ে হেড করেন বিশ্বনাথ ঘোষ।
২৫ মিনিটে আরও একটি সুযোগ পান বিশ্বনাথ, জামালের ক্রসে আসা বল আবারও বাইরে মারেন তিনি। প্রায় ৩০ মিনিট গড়ালে আক্রমণের সুযোগ পায় ভুটান, যদিও রুখে দেন তারিক কাজী। ৩৫ মিনিটে কর্নার পায় ভুটান, সেখান থেকে পাওয়া বল উড়িয়ে মারেন নিমা ওয়াংডি। ৩৯ মিনিটে প্রথম অনটার্গেট শট নেয় ভুটান, শ্রাবণ বল নিয়ন্ত্রণে নেন। ফিরতি আক্রমণে আবারও গোলবারের বাইরে মারেন বিশ্বনাথ।
৪২ মিনিটে বিশ্বনাথ সুযোগ তৈরি করে দেন ফয়সাল আহমেদ ফাহিমকে। তিনি শট নিতে পারেননি, ফাউল আদায় করে নেন। সেই ফাউল থেকে শটে শমিত সোম হেড করলেও বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। দুদল বিরতিতে যায় গোলশূন্য রেখে।
বিরতির পর ফয়সাল আহমেদ ফাহিমের বদলি হিসেবে থমাস ডুলি নামান ফাহমিদুল ইসলামকে। ৫৫ মিনিটে ফাউল থেকে বল পায় বাংলাদেশ, কাউন্টার অ্যাটাকে চেনচো গেইলশেনকে কোনভাবে আটকে দেন জায়ান আহমেদ। ৬১ মিনিটে কর্নার আদায় করে নেয় ভুটান। বিপদ ঘটাতে পারেনি। ৬৫ মিনিটে ফাহমিদুল লেফট উইং থেকে শট নিলেও বারের বাইরে দিয়ে যায়।
অবশেষে ৬৯ মিনিটে গোল পায় বাংলাদেশ। জায়ান আহমেদের লং শটে ডি বক্সের মধ্যে জটলায় শমিতের হেড থেকে বল পান ইব্রাহিম। বাঁ পায়ের শটে গোল করেন তারকা ফরোয়ার্ড, ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৬ মিনিটে রাকিবের আরেকটি শট বারের বাইরে দিয়ে যায়। এরপর বাংলাদেশ খেলার গতি কিছুটা কমিয়ে দেয়। শেষ পর্যন্ত জাল অক্ষত রেখে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে থমাস ডুলির শিষ্যরা।






