রাজনীতি

শেখ হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী

শেখ হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীরা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী

ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে উসকানি দিচ্ছেন। তার রেখে যাওয়া সন্ত্রাসীদের দিয়ে গার্মেন্টসে আগুন দেওয়া ও মানুষ হত্যা করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণজমায়েতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন। পরে সেখানে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

পোশাক খাতের চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন রিজভী। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার কথা বলেছে। ওয়েজ বোর্ড নিয়েও আশ্বাস দেওয়া হয়েছে। প্রকৃত শ্রমিকেরা এখন আর আন্দোলনে নেই। যারা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছেন এবং আন্দোলনকারীদের পিটিয়ে হত্যা করছেন, তারা শেখ হাসিনার রেখে যাওয়া গুন্ডা-সন্ত্রাসী।

তিনি বলেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন নেতাও রয়েছেন। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, এই মদদ ও উসকানি পার্শ্ববর্তী দেশ থেকে আসছে।

বিগত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে রিজভী আরও বলেন, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের টাকা লুট ও পাচার করা হয়েছে। চট্টগ্রামের এক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের ২০০ মিলিয়ন পাউন্ডের বাড়ি ইংল্যান্ড সরকার বাজেয়াপ্ত করেছে। লুটপাটের সেই রাজত্ব ফিরে পেতেই শেখ হাসিনা আবারও সন্ত্রাস ও উসকানির চেষ্টা করছেন। তবে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ।

গণজমায়েতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয়:গার্মেন্টস আগুন ও হত্যাকাণ্ড প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপি শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…