সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১০২ জন পুরুষ ও ৪৯ জন নারী। এই সময়ে কারও মৃত্যু হয়নি।
রোববার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৭ জন ঢাকা মহানগরের। এর মাঝে উত্তর সিটি করপোরেশনের ১৮ জন ও দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ জন। মহানগরের বাইরে চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, ঢাকা বিভাগের ১৭ জন, ময়মনসিংহ বিভাগে দুইজন, খুলনা বিভাগে ১৩ জন ও বরিশাল বিভাগের ১১ জন রয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৩৮৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১৯৬ জন এবং ঢাকার বাইরে এই সংখ্যা ১৮৭ জন।
নতুন রোগীদের নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৫৬৬ জনে। তাদের মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ১৩৫ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮৮ জন ও মৃত্যু হয়েছে দুজনের। আগের সপ্তাহে আক্রান্ত ৩২৭ জন, মৃত্যু হয় দুজনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।








