আগামী রোববার সকাল থেকে দুপুর নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার ভোরে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’ সামন্য উত্তর দিকে অগ্রসর হয়ে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। পরে আরও ঘণীভূত হয়ে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে এগোতে পারে।
এছাড়াও জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া রূপে ১১৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
দেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। সাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।







