শিক্ষা

শিক্ষক নিয়োগে আসছে নতুন পদ্ধতি, বদলাবে পরীক্ষা ও নম্বর বণ্টন

শিক্ষক নিয়োগে আসছে নতুন পদ্ধতি, বদলাবে পরীক্ষা ও নম্বর বণ্টন

ছবি: সংগৃহীত

দেশের প্রায় ৪০ হাজার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, নতুন পদ্ধতিতে ১০০ নম্বরের প্রিলিমিনারি, ১০০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে একজন প্রার্থীকে ২২০ নম্বরের মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে। তবে প্রস্তাবিত এ পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করতে হবে। সংশোধিত বিধিমালা অনুমোদনের পর পরীক্ষার পদ্ধতি, সিলেবাস ও নম্বর বণ্টন চূড়ান্ত করা হবে।

প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান+ এই চার বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের জন্য থাকবে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। এ পরীক্ষার সময় নির্ধারণের প্রস্তাব রয়েছে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই পরবর্তী ধাপে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রচলিত পদ্ধতি বদলে যাচ্ছে। এতদিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হতে প্রথমে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। এরপর পৃথক প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ করা হতো। নতুন পরিকল্পনা অনুযায়ী, নিবন্ধন ও নিয়োগের পৃথক প্রক্রিয়া বাদ দিয়ে পরীক্ষার মাধ্যমেই সরাসরি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ কারণে আগের ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজনের পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে এনটিআরসিএ। নতুন পদ্ধতি চালু হলে প্রার্থীদের একাধিকবার আবেদন এবং পৃথক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষার প্রয়োজনীয়তা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নতুন ব্যবস্থায় নিয়োগের যোগ্যতা, বিষয়ভিত্তিক পদ, শূন্য পদের বিপরীতে প্রার্থী নির্বাচন এবং মেধাতালিকা তৈরির পদ্ধতি কী হবে, তা সংশোধিত বিধিমালায় স্পষ্ট করা হবে।

এনটিআরসিএ সূত্র জানায়, আগামী ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছে কর্তৃপক্ষ। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর শিক্ষক নিয়োগ পরীক্ষার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এনটিআরসিএর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নতুন নিয়োগ পদ্ধতির প্রস্তাব তৈরির কাজ চলছে। খসড়া প্রস্তাব চূড়ান্ত হলে অনুমোদনের জন্য তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ফলে ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও এখনই তারিখ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে ২০২৩ সালের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ২০২৪ সালের মার্চে ওই পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় নতুন নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এবার প্রচলিত নিবন্ধন পরীক্ষার পরিবর্তে সরাসরি শিক্ষক নিয়োগের নতুন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিষয়:নতুন পদ্ধতি শিক্ষক নিয়োগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…