কক্সবাজার মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং কক্সবাজার থানার একাধিক মামলার আসামি নাজনিন সারওয়ার কাবেরীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার দেবপাহাড়ে তার পৈত্রিক বাসা থেকে চকবাজার থানার পুলিশ ৫২ বছর বয়সী এই আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
কক্সবাজারের রামুর বাসিন্দা নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও ছিলেন সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত।
দেবপাহাড়ের বাসা থেকে গ্রেপ্তারের ঠিক আগে নাজনীন সরওয়ার কাবেরী তার ফেসবুক টাইমলাইনে ২৯ সেকেন্ডের এক লাইভ ভিডিও প্রচার করেন। এ সময় বহিরাগত একদল লোকের চিৎকার-চেঁচামেচি ও ধস্তাধস্তির শব্দ শোনা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় জামায়াত ও বিএনপির একদল নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। এ সময় কিছু লোক কাবেরীর বাসায় হামলার চেষ্টা করে। কাবেরীকে এ সময় তার পরিবারের সদস্যরা বাসার ছাদে নিয়ে যান। চকবাজার থানার পুলিশ প্রথমে বাসার ভেতরে ঢোকে, এরপর ছাদে গিয়ে তাকে গ্রেপ্তার করে।







