মানিকগঞ্জ-দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের আলাদা দুই মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেনআদালত।
বৃহস্পতিবার (২২ মে) বেলা সোয়া ১১টার দিকে মমতাজ বেগমকে আদালতে তোলা হলে শুনানি শেষে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সাড়ে ৯টার দিকে তাকে ঢাকার কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে আনা হয়।
২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিলো।
ওই মামলার আসামি হিসেবে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় মমতাজকে। এছাড়া তার নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে।
গত ১২ই মে রাতে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় মমতাজকে। মূলত গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মমতাজ বেগম সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।








