‘মায়োসাইটিস’ নামক বিরল রোগে আক্রান্ত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, গেল বছর সামাজিক মাধ্যমে নিজের এই রোগের বিষয়ে সবাইকে জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। কিন্তু বর্তমানে কেমন আছেন সামান্থা?
শোনা যাচ্ছে, বেশ কিছুদিন ধরে এই রোগের কারণে পেশির ব্যথায় ভুগছেন সামান্থা৷ কোনভাবেই এই রোগ থেকে যেন স্বস্তি পাচ্ছেন না অভিনেত্রী। তাইতো এবার অভিনয় থেকে ক্ষাণিকটা বিরতি নেবার সিদ্ধান্ত নিলেন তিনি। কারণ পুরোপুরি নিজের স্বাস্থ্যের দিকেই ফোকাস করতে চাইছেন নায়িকা৷
জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন সামান্থা। যেখানে হাইপারবেরিক নামক এক থেরাপি নিবেন তিনি। চলতি বছরের শুরু থেকে এই থেরাপি নেওয়া শুরু করেছেন সামান্থা, যার বেশ কিছু সেশন এখনও বাকি। অভিনেত্রী জানিয়েছেন, এই থেরাপি তাকে অসুখের সঙ্গে লড়াই করতে সাহায্য করছে। কারণ এটি প্রদাহ কমাতে সাহায্য করে, সংক্রমণ নিরাময় করে এবং ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করে।
কিন্তু জানেন কি সামান্থার এই চিকিৎসার জন্য তাকে কত টাকা গুনতে হবে? ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুসারে, এই ট্রিটমেন্টের জন্য অভিনেত্রীকে ১ কোটি রুপি খরচ করতে হবে! যুক্তরাষ্ট্রে এই থেরাপি করাতে ১ কোটি রুপিরও বেশি খরচ হবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি অভিনেত্রী।
এদিকে মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’ এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। ওই সিরিজে তার বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধওয়ান। এই প্রথম এত বড় মাপের আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হতে চলেছেন সামান্থা। পাশাপাশি তার হাতে রয়েছে তেলুগু ছবি ‘খুশি’। ওই ছবিতে দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী।
সূত্র: সিয়াসাট ডটকম







